
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে আত্মহত্যার চেষ্টা করা জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি)-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে বগুড়া শহরের জানেসাবা হাউজিং এলাকায় এক আত্মীয়ের বাসায় যান রবিউল ইসলাম। সেখানে পারিবারিক সম্পর্ক নিয়ে এক নারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি পাশের একটি কক্ষে গিয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘটনার সময় বাসার পুরুষ সদস্যরা বাইরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা দরজা বন্ধ দেখে সন্দেহ করেন। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
তাৎক্ষণিকভাবে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার দুপুরে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, নিহতের পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় আনা হবে।
এ ঘটনায় পুলিশ বিভাগ ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 























