নিজস্ব প্রতিবেদক || ১২ ফেব্রুয়ারি 2026
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দীন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
কারচুপির অভিযোগ
ভোট কারচুপির অভিযোগ তুলে জসিমউদ্দীন বলেন,
“কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই হয়েছে, আমাদের নেতাকর্মীদের মারধর করা হয়েছে। আবার অনেককে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন,
“আমার অনেক সমর্থকের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে।”
এ সময় গণঅধিকার পরিষদের এই প্রার্থী দাবি করেন,
“টাকা দিয়ে ভোট কেনা হয়েছে। আজ আবার তারা নিজেরাই নিজেদের ভোট কাটছে।”
উত্তেজনা বিরাজ
এর আগে কুমিল্লার কয়েকটি কেন্দ্রে ব্যালট ছিনতাই চেষ্টার অভিযোগ উঠে। একটি ঘটনায় উদ্ধার হওয়া ৩৮টি ব্যালট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কুমিল্লা-৪ আসনের পরিস্থিতি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।
Reporter Name 


















