
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার রাজশাহী–নওগাঁ মহাসড়কের তেঁতুলতলা এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত চেকপোস্ট চলাকালে রাজশাহী থেকে নওগাঁগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালান দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। এ সময় মোটরসাইকেল আরোহী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মেঘা দক্ষিণপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে তৌকির হাসান (২৫)-এর আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট মুন্তাসির, টিএসআই বাবুল ও এটিএসআই হেলাল উদ্দিন তার হেলমেট তল্লাশির উদ্যোগ নেন।
তল্লাশির একপর্যায়ে তিনি পাশের বিলের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় কৃষকদের সহায়তায় তাকে আটক করা হয়। খবর পেয়ে মোহনপুর থানার এসআই ইয়ামিন, এসআই শিপনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলও জব্দ করা হয়।
এ বিষয়ে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধ 











