বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এ সংক্রান্ত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
সভাপতি দুলু, সদস্য আটজন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নাটোর-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে।
কমিটির অন্য সদস্যরা হলেন—দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক, নাটোর-৩ আসনের মো. আনোয়ারুল ইসলাম, শেরপুর-২ আসনের মোহাম্মদ ফাহিম চৌধুরী, গোপালগঞ্জ-২ আসনের কে এম বাবর, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন, মহিলা আসন-৪৪-এর মারদিয়া মমতাজ এবং কুষ্টিয়া-২ আসনের মো. আব্দুল গফুর।
সানসিলা জেবরিনের রাজনৈতিক পরিচয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া ডা. সানসিলা জেবরিন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর-১ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। পরে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনোনীত হন।
নতুন দায়িত্বের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কার্যক্রমে তিনি সরাসরি যুক্ত হলেন।
Reporter Name 

























