আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা এলাকার রোয়াজা পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গত ২০ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তাতু ত্রিপুরা মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের সময় পরিবারের চার সদস্য পাশের বাড়িতে অবস্থান করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং চরম অসহায় অবস্থায় পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের অধীন নয়াবাজার আর্মি ক্যাম্প ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তাৎক্ষণিকভাবে দাঁড়ায়। দুর্গত পরিবারের দুর্দশা বিবেচনায় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়, যাতে পরিবারটি প্রাথমিকভাবে তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে।
দুর্যোগ ও বিপদাপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদারে ভূমিকা রাখছে।
মানবিকতা ও জনসেবার অঙ্গীকারে—বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।