
নিজস্ব প্রতিবেদক || 14 ফেব্রুয়ারি 2026
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে আগামীর বাংলাদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দিয়েছে সংস্থাটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ২১৪টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন দেশ ও রাষ্ট্রনেতারা। নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক মহল।
চীন সরকারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে। ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় জানায়, অবাধ ও সফল নির্বাচনের জন্য জনগণকে অভিনন্দন এবং বিজয়ী দল বিএনপিকে আন্তরিক শুভেচ্ছা। একইসঙ্গে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তান-এর পক্ষ থেকেও বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই বিবৃতির মাধ্যমে অভিনন্দন জানান। পরে ফল ঘোষণার পর টেলিফোনে কথা বলে সমর্থনের আশ্বাস দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি-ও অভিনন্দন বার্তা দেন। এক্সে দেওয়া পৃথক পোস্টে তারা সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।
এছাড়া মালদ্বীপসহ আরও কয়েকটি দেশ থেকেও অভিনন্দন বার্তা এসেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।