
কোরআন ও হাদিসভিত্তিক জনপ্রিয় ইসলামী লেখক ও চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ। তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।
হাফিজ মাছুম আহমদ দুধরচকীকে একজন আদর্শবান, নীতিবান ও একনিষ্ঠ কলমসৈনিক হিসেবে উল্লেখ করে তাঁর সুস্থতা কামনা করেছেন আরাফাত নিউজ ইউকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মো. আনোয়ার হোসাইন এবং বিশিষ্ট ব্যক্তিত্ব এম এ হোসেইন।
এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, হাফিজ মাছুম আহমদ দুধরচকী পবিত্র কোরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলামী শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আজীবন নিরলসভাবে লেখালেখি করে গেছেন। তাঁর জ্ঞানগর্ভ লেখনী অসংখ্য মানুষের হৃদয়ে ঈমান, নৈতিকতা ও মানবতার বাণী পৌঁছে দিয়েছে। ইসলামী সমাজ ও সাহিত্য অঙ্গনে তাঁর এই নিঃস্বার্থ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও লেখনীর মাধ্যমে যে দ্বীনি খেদমত করে যাচ্ছেন, তা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যভিত্তিক অনলাইন পোর্টাল ‘আরাফাত নিউজ ইউকে’-তে কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মূল্যবান কলাম ও লেখালেখির মাধ্যমে সহযোগিতা করে আসছেন।
লেখকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মো. আনোয়ার হোসাইন বলেন,
“আমরা গভীর শ্রদ্ধাভরে তাঁর আন্তরিক সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি— আল্লাহ তায়ালা তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও ঈমানের দৃঢ়তা দান করুন। আল্লাহ পাক তাঁর ইলম ও কলমের খেদমতকে কবুল করে উম্মাহর জন্য কল্যাণকর করে দিন। আমিন।”