
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে কয়েক হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ শিক্ষার্থী। তাঁদের মধ্যে ২০ জন আগে অকৃতকার্য ছিলেন। এ ছাড়া পুনর্নিরীক্ষণের পর নতুন করে পাস করেছেন আরও ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।
এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।