
মো: মারুফ
চট্টগ্রাম সিটি রিপোর্টার
ফটো: আপোষ জয়ধর
চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আর নোমান তুর্জ। তাঁর বিশেষ উদ্যোগে মঙ্গলবার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষারত অভিভাবকদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি ও হালকা নাস্তা বিতরণ করা হয়।
প্রচণ্ড তাপদাহের মধ্যে দীর্ঘ সময় ধরে পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থান করা অভিভাবকদের ক্লান্তি দূর করতে এবং তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশের লক্ষ্যেই এ ব্যতিক্রমধর্মী সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান স্বেচ্ছাসেবকরা।
এ সময় স্বেচ্ছাসেবীরা অভিভাবকদের হাতে বিশুদ্ধ পানির বোতল ও বিভিন্ন ধরনের হালকা নাস্তা তুলে দেন। মানবিক এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীদের অভিভাবকরা।
পরীক্ষা কেন্দ্রে আসা সাধারণ অভিভাবক ও স্থানীয় জনগণ বলেন, প্রচণ্ড গরমের মধ্যে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা সংসদ সদস্য সাঈদ আর নোমান তুর্জের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং জনপ্রতিনিধিদের জনসম্পৃক্ততার একটি সুন্দর উদাহরণ তৈরি করছে।