
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলা ও ঈদগাঁও উপজেলা-এ র্যাব-১৫-এর পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও বিপুল পরিমাণ লবণ জব্দ করা হয়।
সূত্র জানায়, বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে র্যাব-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালায়। অভিযানে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও প্রায় ১শ মণ লবণ জব্দ করা হয়। পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-এর বাসিন্দা মো. এমরানুল ইসলাম (২০) এবং টেকনাফের সাবরাং এলাকার নুর মোহাম্মদ (৪২)-কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার দিকে র্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মীম (এক্স), বিএন’র নেতৃত্বে ঈদগাঁও থানার আলমাছিয়া পূর্ব গেইট এলাকার স্বপ্নচূড়া মার্কেটের সামনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডাকাতির উদ্দেশ্যে ওৎ পেতে থাকা অবস্থায় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ মো. এনামুল হক ওরফে এনাম (২৩) এবং মো. নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)-কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।