
রাজিব সরকার, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাচার ইউনিয়নের শুয়ারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কচুয়া থানার পুলিশের উদ্যোগে এ মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে আয়োজিত র্যালিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি শুয়ারুল মোড়, শুয়ারুল বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন।
র্যালি শেষে শুয়ারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সাচার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জাহিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন, শুয়ারুল গ্রাম পুলিশিং কমিটির সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল মুন্সী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম বেপারী, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নাজির ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আলামিন গাজি নিরব, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তৌফিক ওমর ফাইম, সাচার ইউনিয়ন মাদকবিরোধী কমিটির সমন্বয়ক ফারুক সরকার, নেসার আহমেদ, মো. জাহাঙ্গীর মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।