
রাজিব সরকার,
কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় পরকীয়ার জেরে স্ত্রী মরিয়ম বেগমকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত পরকীয়া প্রেমিকা শাহিনা আক্তারকেও আটক করা হয়েছে।
রবিবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম তাঁর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ওসি মো. আজিজুল ইসলাম বলেন, পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে গত ২৫ জুন (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে। আলমগীর হোসেনের সঙ্গে শাহিনা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি তাঁর স্ত্রী মরিয়ম বেগম জানতে পারায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহিনা আক্তার প্রেমিক আলমগীরকে খবর দিয়ে উত্তেজিত করেন।
তিনি আরও বলেন, “এরপর আলমগীর হোসেন স্ত্রী মরিয়মকে সকাল ও বিকালে দুই দফা মারধর করেন। এতে মরিয়ম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।”
ওসি আরও জানান, ঘটনার দিনই অভিযান চালিয়ে শাহিনা আক্তারকে গ্রেফতার করা হয়। পলাতক আলমগীর হোসেনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে র্যাব ও রংপুর থানা পুলিশের সহযোগিতায় আটক করে কচুয়া থানায় আনা হয়।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহতের বাবা মো. দীনেস মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।”
উল্লেখ্য, প্রায় ১৮ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মরিয়ম বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।