
শেখ শরিফুল ইসলাম, কালিগঞ্জ ব্যুরো
সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষক দিবসের র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে।
পরে উপজেলা অডিটোরিয়ামে ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক আব্দুর রউফ, শিমু রেজা এমপি কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোনিয়া খাতুন, সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ এবং সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীনসহ অনেকে।
বক্তারা বলেন, ১৯৬৬ সালের ৫ অক্টোবর প্যারিসে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিক্ষকদের অধিকার, মর্যাদা ও দায়িত্ব নিয়ে ঐতিহাসিক সুপারিশ গ্রহণ করে। শিক্ষকদের অবদানকে স্মরণীয় করে রাখতে ১৯৯৪ সালে ইউনেস্কো ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে।
বক্তারা আরও বলেন, শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা একটি জাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের ন্যায্য বেতন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, পেশাগত স্বাধীনতা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি সমাজে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বাড়াতে হবে।
সভায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাদকাসক্তি ও অনলাইন জুয়ার প্রতি আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি শিক্ষকদের আদর্শ, নীতি ও নৈতিকতা অনুসরণ করে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।