
রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: দুই চাচাতো ভাইয়ের পারিবারিক কলহ নিয়ে হাতাহাতির ঘটনা ঠেকাতে গিয়ে দূর সম্পর্কের দাদা মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দেওয়ান নামে ওই ব্যক্তি মারা যান। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শান্তপাড়া মোড়ে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শান্তপাড়া মোড়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারি হয়।
দূর সম্পর্কের দাদা দেওয়ান দুই ভাইয়ের মারামারি থামাতে গেলে তাদের ধাক্কায় পাঁকা রাস্তা পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই চাচাতো ভাই—আজিজুল ইসলামের ছেলে মিলন ও জাহেদুল ইসলামের ছেলে বাদশা—পারিবারিক কলহ নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দেওয়ান বাজার শেষে বাড়ি ফিরছিলেন। হাতাহাতি দেখে তিনি থামাতে গেলে ধাক্কায় পড়ে গুরুতর আহত হন।
ওসি আশরাফুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মৃত্যুবরণ করা ব্যক্তি: দেওয়ান, ৬৫, গদা উচাপাড়া গ্রামের বাচ্চা মামুদের ছেলে।