
২০ অক্টোবর ২০২৫ , কিশোরগঞ্জ
মোঃ জোনায়েদ হোসেন জুয়ল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে মাঠে নেমেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তকরণ এবং রাস্তায় অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিজে শহরের বিভিন্ন এলাকায় উপস্থিত থেকে পথচারী, দোকান মালিক ও চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ফুটপাত ও সড়ক ব্যবহারে সতর্কতা ও দিকনির্দেশনা প্রদান করেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,
"শহরের ফুটপাত পথচারীদের জন্য। ব্যবসায়ীরা যদি সেখানে পণ্য রাখেন বা দোকান সাজিয়ে দখল করেন, তাহলে সাধারণ মানুষ চলাচলে ভোগান্তিতে পড়েন। পাশাপাশি সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণেই যানজটের সৃষ্টি হয়। আমরা চাই সবাই সচেতন হোন, আইন মেনে চলুন।"
তিনি আরও বলেন,
"এখন থেকে ফুটপাত দখল বা রাস্তায় অবৈধভাবে যানবাহন পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রথম ধাপে আমরা সবাইকে সতর্ক করছি এবং সহযোগিতা কামনা করছি।"
পুলিশ সূত্রে জানা গেছে, ওসি-র নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের পুরান থানা মোড়, বড়বাজার, আখড়াবাজার, নতুন বাজার, ও স্টেশন রোড এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের ফুটপাত খালি রাখতে অনুরোধ জানানো হয়েছে এবং চালকদের নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একজন পথচারী বলেন, “ফুটপাত দিয়ে হাঁটা যেত না, এখন পুলিশ কঠোর হয়েছে দেখে আশা জাগছে। শহরে স্বস্তি ফিরবে।”
কিশোরগঞ্জ মডেল থানা জানিয়েছে, আগামী দিনগুলোতে এই অভিযান আরও জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।