নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় কুমিল্লাতেও তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ভূমি সেবা মেলা ২০২৬’। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে ভূমি সেবায় বিশেষ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গত ১৯ মে সকালবেলা সারাদেশে একযোগে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়। কুমিল্লা সদর উপজেলায় এ মেলার মাধ্যমে সহস্রাধিক মানুষকে বিভিন্ন ধরনের ভূমি সেবা প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের জমি সংক্রান্ত নানা জটিলতা ও কাগজপত্র সমস্যারও সমাধান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম মসিউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং সঞ্চালনা করেন আদর্শ সদর কুমিল্লার সহকারী কমিশনার (ভূমি) মাসিয়াত আক্তার।
ভূমি মেলা ২০২৬-এ ভূমি উন্নয়ন কর ও নামজারি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ মনির হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা, পৌর ভূমি অফিস, আদর্শ সদর কুমিল্লা।
দ্বিতীয় স্থান অর্জন করেন জেলা রেকর্ডরুমের ডেপুটি কালেক্টর সেঁজুতি বণিক। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন আরআর ডিসি।
এছাড়া তৃতীয় স্থান অর্জন করেন জরিপ অধিদপ্তরের উপজেলা সেটেলমেন্ট অফিস, আদর্শ সদর কুমিল্লার মকবুল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানি কমাতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।