
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার
দেশের কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারের ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আওতায় গাজীপুরের কালীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ক্লাব রিসোর্ট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচিতে যুক্ত হন সংশ্লিষ্টরা। গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূইয়ার সভাপতিত্বে এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার), গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ড. মো. আবদুল্লাহ-আল ফারুক, উপপরিচালক (স্থানীয় সরকার) আহাম্মদ হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মো. সোহেল রানা, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের জীবনমানের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন টেকসই হতে পারে না। কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ‘কৃষক কার্ড’ তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূইয়া বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজ ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম বলেন, কৃষকদের প্রয়োজনীয় সরকারি সেবা ও সহযোগিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।