
সাংবাদিক: মোছাঃ নাছিমা খাতুন সুলতানা,
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৈলাটি টানপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ আব্দুল কুদ্দুস মিয়ার জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ (শনিবার) সকালে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল কুদ্দুস মিয়া তাঁর নিজ জমিতে একটি নতুন ঘর নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষ বাধা দেয়। অভিযোগ রয়েছে, তারা ঘরের পাকা দেয়াল ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের ছেলে মোঃ লাল চাঁন মিয়া, মোঃ জলিল মিয়া, মদিনা আক্তার ও হেলিম মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর পুরো গ্রামজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা তথ্য সংগ্রহের জন্য সরেজমিনে গেলে গ্রামবাসীর কাছে বিষয়টি জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে মারামারি ও মামলাজনিত বিরোধ চলে আসছে। এরই জের ধরে উল্লেখিত তারিখে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ঘটনার পরও বাড়ির লোকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
বর্তমানে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী আব্দুল কুদ্দুস মিয়ার পরিবার ও গ্রামবাসী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য প্রদানকারী গ্রামবাসীদের মধ্যে রয়েছেন— মোঃ সবুজ মিয়া, জাহেদ মিয়া, আইনুদ্দিন, জান মিয়া, সুবাস মিয়া, তাজিমুদ্দিন, সাইফুল মিয়া, সাইদুল মিয়া, লিটন মিয়া, হাদিস মিয়া, আব্দুল হালিম, শাহজাহান মিয়া, মোঃ মতি মিয়া, মোঃ বাতেন মিয়া, মোছাঃ আনারকলি, জোসনা আক্তার, হোসনা আক্তার, রিনা আক্তার, মারুফা আক্তার, শাহীন আক্তারসহ আরও অনেকে।
উল্লেখ্য, গ্রামবাসীর আশঙ্কা, উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।