
স্টাফ রিপোর্টার, খুলনা:
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে লবণচরা থানাধীন খুলনা-ঢাকা মহাসড়কের জব্বার সড়কের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পারকরফা এলাকার মো. তৈয়াবুর রহমানের ছেলে মাফুজুর রহমান মিল্টন (৩৬) এবং খুলনা জেলার রূপসা উপজেলার জাবুসা এলাকার মো. বারিক শেখের ছেলে মো. ফারুখ শেখ (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় জানা গেছে, গ্রেপ্তারকৃত মাফুজুর রহমান মিল্টনের বিরুদ্ধে এর আগেও দুটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।