সিলেট গোয়াইনঘাট : মোঃ মনিরুজ্জামান মনির
তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক এক আলোচনা সভা।
রবিবার (২৬ জুলাই) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়ল।
প্রধান অতিথির বক্তব্যে ওসি ওমর ফারুক মোড়ল বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। একই সঙ্গে মানব পাচারকারীরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে যুবসমাজকে বিপদে ফেলছে বলে মন্তব্য করেন তিনি। অপরিচিত কারও প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ দিয়ে মাদক ও পাচারকারীদের বিষয়ে তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ বক্তা হিসেবে মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। এছাড়া বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল ও সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।