মোশাররফ হোসেন জসিম পাঠান,ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শাহাবাজপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ সিদ্দিক গংদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ ফারুক মিয়া গংরা তাদের জমি উদ্ধারের দাবি জানিয়েছেন।
জানা যায়, ফারুক মিয়া গংদের প্রায় ১০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে প্রতিপক্ষ সিদ্দিক গংরা। ফারুকের পিতা মৃত্যুবরণ করার পর পরিবারের সদস্যরা কাগজপত্র ও দলিল যাচাই করে দেখতে পান যে, উল্লেখিত জমি তাদের হলেও তা অন্য পক্ষ ভোগ করছে।
এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযোগ রয়েছে, সিদ্দিক গংরা প্রভাব খাটিয়ে বৈঠক এড়িয়ে যান। ফলে বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ফারুক মিয়া ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “সিদ্দিক গংরা আমাদের জমি দখল করে রেখেছে। তাদের ভয়ে আমরা দীর্ঘদিন ধরে আতঙ্কে আছি।”
স্থানীয় এলাকাবাসীর সঙ্গেও কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিরোধ চলছে এবং পূর্বেও এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে আবারও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিষয়টির দ্রুত সমাধানের জন্য জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবিও সংযুক্ত করা হয়েছে।