
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধ, অর্জিত শ্রমিক অধিকার সংরক্ষণ এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর যথাযথ বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ আয়োজিত এ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা আইনগতভাবে প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত রয়েছেন। দীর্ঘদিন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়েও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান হয়নি বলে দাবি করেন তারা।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, আন্দোলনের সময় শ্রমিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি, গ্রেপ্তার এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যা শ্রমিকদের সাংবিধানিক ও শ্রম অধিকার পরিপন্থী।
তারা বলেন, সাম্প্রতিক রিট পিটিশন নং ৮৪৬৪/২০২৬-এর কারণে শ্রমিকদের অর্জিত অধিকার, বিশেষ করে Workers' Profit Participation Fund (WPPF) ও Workers' Welfare Fund (WWF)-সংক্রান্ত সুবিধার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাদের আশঙ্কা, এ ধরনের পরিবর্তনের প্রভাব শুধু গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের অধিকারও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সমাবেশ থেকে সরকারের প্রতি শ্রমিকদের দাবির বিষয়ে দ্রুত সংলাপের উদ্যোগ নেওয়া এবং আইনসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গ্রামীণফোন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা।
এছাড়া দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক, ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনগুলোর প্রতি শ্রমিকদের অর্জিত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।