
চট্টগ্রাম, ৭ জুলাই:
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার রহমাননগর আবাসিক এলাকায় একটি দেয়াল ধসে শফিকুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রহমাননগর আবাসিক এলাকার বি ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুর রহমানের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। আহতরা হলেন— মঞ্জিলা বেগম (৩২), সোহান (৪) ও ছাইফা (২)। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, দেয়াল ধসের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত তিনজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
টানা ভারী বর্ষণের কারণে নগরের বিভিন্ন এলাকায় দেয়াল ধস ও অন্যান্য দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।