চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বন্দরের কাছ থেকে দীর্ঘদিনের বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (২৯ জুন) দুপুরে নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ, ধারাবাহিক আলোচনা ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দরের কাছ থেকে এ পরিমাণ কর আদায় চসিকের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
মেয়র আরও বলেন, এ অর্থ নগরীর উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসনসহ নাগরিক সেবার মানোন্নয়ন আরও গতিশীল হবে।
চসিক সূত্রে জানা গেছে, বন্দরের কাছে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ হোল্ডিং ট্যাক্স বকেয়া ছিল। ধারাবাহিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সেই বকেয়া আদায়ের অংশ হিসেবেই এবার প্রায় ১৯৮ কোটি টাকা পরিশোধ করা হয়।
অনুষ্ঠানে চসিক ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।