
তৌফিক আলম চৌধুরী || নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন চন্দনাইশ সমিতি-ইউএই। দেশের এই দুর্যোগময় সময়ে প্রবাসের কর্মব্যস্ত জীবনের মধ্যেও মাতৃভূমির মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে সংগঠনটি বন্যাকবলিত অসংখ্য পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। চন্দনাইশ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত ও বন্যাদুর্গত এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনাইশ সমিতি-ইউএইর সম্মানিত সভাপতি লায়ন নজরুল ইসলাম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "প্রবাসে অবস্থান করলেও আমাদের হৃদয় সবসময় দেশের মানুষের সঙ্গে জড়িয়ে থাকে। চন্দনাইশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গঠিত তহবিল থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও চন্দনাইশ সমিতি-ইউএই মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।"
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে প্রবাসী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগের সময় প্রবাসীদের এমন সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।