
মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার
কাবাডির মাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাজীপুরের কালীগঞ্জের শিক্ষার্থী জারিন তাসনিম। জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ইভেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে এ সাফল্য অর্জন করে সে। জারিনের এই অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ সালের জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ইভেন্টে মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষার্থী জারিন তাসনিম অংশ নেয়। ঢাকা শাহ্ আলী থানা জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধাপে দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখে সে।

প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে জারিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তার ক্রীড়া নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ শাহ্ আলী থানা জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তার হাতে সনদপত্র তুলে দেন।
জারিনের সাফল্যের খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। পরিবারের সদস্য ও শিক্ষকরা তার এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
জারিন তাসনিম জানায়, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া তার জন্য গর্ব ও আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করে দেশের সুনাম বয়ে আনতে চায় সে।
জারিনের এ সাফল্য তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয় বলে সংশ্লিষ্টরা জানান।