আগামী বছরের জানুয়ারি থেকে শিশুদের নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ লেড ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বৈচিত্র্য দূর করে অভিন্ন স্কুল ড্রেস চালু করা হলে শিশুদের মধ্যে সমতা প্রতিষ্ঠায় সহায়ক হবে। অতীতের সরকারগুলো শিশুদের স্কুলমুখী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিলেও অনিয়ম ও দুর্নীতির কারণে সেগুলো প্রত্যাশিত ফল দিতে পারেনি।
তিনি আরও বলেন, প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের পাঠ্যক্রমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিতে হবে।
শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া গেলে ভবিষ্যতের বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা কমে আসবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।