আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি:
আজ জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশ-এর ELSRP প্রকল্পের উদ্যোগে উন্নয়ন সহযোগিতার মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কারিতাস ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি: স্বপন নায়েক। তিনি তার বক্তব্যে বলেন, কারিতাস বাংলাদেশ সবসময় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও নিয়মিত তদারকির মাধ্যমে উপকারভোগীদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এ কে এম সামছুল হক। তিনি তার বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, নারীদের দক্ষতা উন্নয়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। সেলাই, ব্লক-বাটিক, হস্তশিল্পসহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নারীরা সহজেই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসতে হবে।
সভা সঞ্চালনায় ছিলেন FF জামিল হোসেন, পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন নিশা রানী দাস ও রাকিব হাসান। তাদের আন্তরিক প্রচেষ্টায় উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে সহায়ক হবে।