
জামালপুর প্রতিনিধি
আসন্ন জামালপুর গারো হিলস হাফ ম্যারাথনের প্রস্তুতি হিসেবে প্রস্তুতিমূলক রান করেছে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটি।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে জামালপুর জেলার লাউচাপড়া-সিলেট রোডে এ প্রস্তুতিমূলক রান অনুষ্ঠিত হয়। এতে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির সদস্যসহ বিভিন্ন বয়সী দৌড়প্রেমীরা অংশ নেন।
আয়োজকরা জানান, আসন্ন জামালপুর গারো হিলস হাফ ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদদের প্রস্তুতি আরও শক্তিশালী করা এবং নিয়মিত দৌড়ের মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতেই এ প্রস্তুতিমূলক রানের আয়োজন করা হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লাউচাপড়া এলাকায় অনুষ্ঠিত এ রানে দৌড়বিদদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দৌড়ের পাশাপাশি অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ পান।
আয়োজকরা বলেন, নিয়মিত দৌড় শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অনিয়ম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি জামালপুরের গারো পাহাড় ও পর্যটনসমৃদ্ধ লাউচাপড়া অঞ্চলকে দেশের মানুষের কাছে আরও পরিচিত করে তোলার প্রত্যাশা রয়েছে।