
মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার
বকশীগঞ্জ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
জামালপুর-১ আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী নাজমুল হক সাঈদীর নির্বাচনী প্রচারণায় বাধা, দলীয় কর্মীদের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন অভিযোগ করেন, বিএনপির নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি এবং আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া নেতা-কর্মীরা নির্বাচনী মাঠে ত্রাস সৃষ্টি করছেন। তিনি বলেন,
“আওয়ামী লীগের আমলে সব সুবিধা ভোগ করে এখন যারা বিএনপিতে ঢুকেছেন, তারাই জামায়াত নেতা-কর্মী ও ভোটারদের বাড়িতে গিয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাদের লক্ষ্য ভোটারদের আতঙ্কিত করে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখা।”
বক্তব্যে তিনি বেশ কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে বলেন, বগারচর ইউনিয়নের পলাশ, কামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, বাট্টাজোড় ইউনিয়নের লিটন আকন্দ এবং পাররামরামপুরের জে কে সেলিমসহ আরও অনেকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছেন।
প্রধান নির্বাচনী এজেন্ট আরও অভিযোগ করেন, নির্বাচনী মাঠে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রতিকার পাওয়া যায়নি। তিনি বলেন,
“প্রতিপক্ষ দলের সমর্থকরা আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে এবং কর্মীদের ভোট চাওয়া থেকে বিরত রাখছে। আমরা প্রশাসনের কাছে নির্বাচনী মাঠে সমতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
রাত ৮টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা আমীর শফিকুল্লাহ, উপজেলা সেক্রেটারি আদেল ইবনে আওয়াল, উপজেলা বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মো. আব্দুল আজিজ, যুব বিভাগীয় সেক্রেটারি কারিমূল ইসলাম, শ্রমিক বিভাগের সহ-সভাপতি রাশেদ মাহমুদ এবং অফিস আইটি সম্পাদক আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জামায়াত নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।