
শাব্বির আহমাদ,
জেলা প্রতিনিধি, খুলনা:
জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং গণহত্যার বিচারের দাবিতে খুলনার শিরোমণিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা জেলা উত্তর শাখা।
রোববার (১৯ জুলাই) বিকেল ৫টায় শিরোমণি বাজার এলাকায় সংগঠনটির ঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শিরোমণি বাজার থেকে শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়কসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলজুড়ে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ এবং ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
সমাবেশে বক্তারা দাবি করেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে সংঘটিত গণহত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
মিছিল শেষে শিরোমণি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা তাদের দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজারসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।