সোহাগ মিয়া:
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া উছমানপুর এলাকায় ছড়ারপার-ডুলনা পারাপারে এখনো ব্যবহার করা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর অভাবে স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো ব্যবহার করে চলেছেন।
সরেজমিনে দেখা যায়, খালের ওপর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে একটি সরু সাঁকো। সাঁকোটির বিভিন্ন অংশ নড়বড়ে হয়ে পড়েছে এবং বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু, নারী, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ব্যবহার করছেন।
এলাকাবাসী জানান, জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত এবং কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত খালটির ওপর একটি স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।