নিজস্ব প্রতিবেদক, কলকাতা:
টেট বাতিলের দাবিতে আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় কলকাতার কলেজ স্কোয়ার, বিদ্যাসাগর মূর্তির সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টেট অ্যাফেকটেড টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে হিন্দ সিনেমা, এসপ্ল্যানেড ব্যানার্জি রোড হয়ে ওয়াই চ্যানেলে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে প্রতিনিধিদল রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন প্রদান করে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টেট অ্যাফেকটেড টিচার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অশোক রুদ্র, সমীর বেরা, দিলীপ মাইতি, বাসুদেব দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, কর্মরত শিক্ষকদের উপর বাধ্যতামূলক টেট পাশের নির্দেশকে কেন্দ্র করে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে এবং এটি শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তার জন্য হুমকি।
তারা আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনার ফলে দীর্ঘদিন কর্মরত বহু শিক্ষক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, যা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তাদের দাবি।
নেতারা জানান, ইতিমধ্যে এই বিষয়ে একাধিক পিটিশন দাখিল হয়েছে এবং দীর্ঘ শুনানির পর বিভিন্ন পর্যায়ে রিভিউ আবেদনও করা হয়েছে। তাদের দাবি, এই রায় সংশোধন বা পুনর্বিবেচনা করা প্রয়োজন।
প্রতিবাদকারীরা আশা প্রকাশ করেন, রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবে, যাতে শিক্ষক সমাজের অনিশ্চয়তা দূর হয় এবং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় থাকে।
সমাবেশে কয়েকশ শিক্ষক অংশ নেন বলে জানা গেছে।