শাব্বির আহমদ
স্টাফ রিপোর্টার, খুলনা
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগে কর্মরত সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান এবং জনগণের সরাসরি মূল্যায়নের আওতাভুক্ত ইউনিট হলো ট্রাফিক বিভাগ। তাই ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বদা সততা, দক্ষতা, পেশাদারিত্ব, ধৈর্য ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, বর্তমানে ট্রাফিক বিভাগের সদস্যদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অভিযোগ না আসা একটি ইতিবাচক দৃষ্টান্ত এবং এটি বিভাগের একটি গুরুত্বপূর্ণ অর্জন। ভবিষ্যতেও এই সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। কোনো রিকশাচালক, যানবাহনের চালক কিংবা সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা যাবে না। বরং জনগণের প্রতি দায়িত্বশীল, সহানুভূতিশীল ও সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, ট্রাফিক পুলিশের প্রতিটি কার্যক্রম জনগণ সরাসরি প্রত্যক্ষ ও মূল্যায়ন করে। তাই ট্রাফিক বিভাগের সদস্যদের সততা, নিষ্ঠা, দক্ষতা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ট্রাফিক বিভাগের ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
এ সময় পুলিশ কমিশনার বলেন, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন এবং জনগণকে আরও উন্নত সেবা দিতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।