
নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় এ সভার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হাসান আসকারী, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের মোটরযান পরিদর্শক মো. মাহফুজ রানা এবং উচ্চমান সহকারী মো. রুস্তম আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে সবার সচেতন হওয়া জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন, ফুটপাত ব্যবহার এবং ট্রাফিক সংকেত মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এ জন্য চালক, যাত্রী, পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে এ ধরনের সচেতনতামূলক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।