
বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় বালক ও বালিকা দল অংশগ্রহণ করে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডিমলা মিনি স্টেডিয়াম, খগারহাটে ডিমলা থানা পুলিশের আয়োজনে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় খগাখড়িবাড়ী ইউনিয়নের খড়িবাড়ী উচ্চ বিদ্যালয় ও ডিমলা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। উত্তেজনাপূর্ণ খেলায় ডিমলা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম, ওসি (তদন্ত) দিবাকর, খগাখড়িবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন। এছাড়া থানা পুলিশের সদস্য, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা জরুরি। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
স্থানীয়রা বলেন, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, “কমিউনিটি পুলিশিংয়ের অংশ হিসেবে আজ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এর মাধ্যমে বিজয়ী দলকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করাই আমাদের লক্ষ্য।”