
ডিসেম্বর মাসে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রশ্নে কারও সঙ্গে আপস করবে না তাঁর দল।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত এখনই সরকারকে ফ্যাসিস্ট বলতে চায় না। তবে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্যে রয়ে গেছে।
স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
একই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে শেখ হাসিনাকে সামরিক বিমানে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া এবং তাঁকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এমন বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই বলে তিনি মনে করেন।