শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশীদারিত্বের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আয়োজিত “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিবিড় সমন্বয় অত্যন্ত জরুরি। সরকারের একার পক্ষে নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি গ্রামকে আধুনিক ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং শহরের নাগরিক সুবিধা গ্রামে পৌঁছে দিতে বদ্ধপরিকর। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রকল্পের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে এবং গ্রামীণ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে।
কর্মশালায় গ্রামীণ জনপদের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি দপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার। বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা সমন্বয়কারী মরিয়ম খাতুন ও মল্লিকা মণ্ডলসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




























