মোঃ আঃ মান্নান, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্বনাথ পালের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমেদ।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার সজল গমেজ, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, সাংবাদিক রোকন উদ্দিন, শওকত হাসান এবং ব্র্যাক ফ্যাসিলিটেটর তারিকুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে মা ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, সুষম খাদ্য গ্রহণ এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ জাতি গঠন সম্ভব। তিনি সবাইকে নিয়মিত স্বাস্থ্যসচেতনতা মেনে চলার আহ্বান জানান।
আলোচনা শেষে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় অপুষ্ট শিশুদের মায়েদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে সাপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ইউএনও মেহেদী হাসান মানিক।