আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকবিরোধী, অনলাইন জুয়া প্রতিরোধ ও সংগঠনের সদস্য নবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর এলাকায় কবি জসীম উদ্দিন সংসদ ক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কবি জসীম উদ্দিন সংসদের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, বিসমিল্লাহ টি ফ্যাক্টরির জাহাঙ্গীর আলম এবং জামায়াত নেতা জাহাঙ্গীর আলম।
এ ছাড়া আজিজনগর ও ডাংপাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সচেতন নাগরিক এবং ক্লাবের সদস্যরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া শুধু ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং পরিবার ও সামাজিক পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এসব আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক নজরদারি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকায় অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্য নবায়নের বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি মাদক ও অনলাইন জুয়ামুক্ত সমাজ গঠনে স্থানীয় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি জসীম উদ্দিন সংসদ ক্লাবের সদস্য সচিব খন্দকার ইমরান।