
রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি পরিদর্শন করেন।
মন্দির প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে ব্রেন্ট ক্রিস্টেনসেন মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন।

পরিদর্শনকালে তিনি মন্দিরের প্রাচীন টেরাকোটার কারুকাজে সমৃদ্ধ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা কান্তজীউ মন্দিরের ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে তাকে অবহিত করেন। মন্দিরের নান্দনিক কারুকাজ ও স্থাপত্যশৈলীর প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।
পরে ব্রেন্ট ক্রিস্টেনসেন ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন। সেখানে তিনি মসজিদের ইতিহাস, স্থাপত্য ও প্রাচীন কারুকার্য সম্পর্কে অবগত হন এবং এর ঐতিহাসিক নিদর্শনের প্রশংসা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, কাহারোলের সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মার্কিন রাষ্ট্রদূতের কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।