
নিজস্ব প্রতিবেদক || 13 ফেব্রুয়ারি 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ১৫৬টি আসনে জয় পেয়েছে, যা একক সংখাগরিষ্ঠতা অর্জনের পথে দলটিকে এগিয়ে দিয়েছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬০টি আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।
রাতভর ভোটগণনা শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব আসনের বেসরকারি ফল ঘোষণা করেন। বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।
দিনের শুরুতে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
| রাজনৈতিক দল / জোট | জয়ী আসন সংখ্যা |
|---|---|
| বিএনপি ও জোট | ১৫৬ |
| জামায়াতে ইসলামী (১১ দলীয় জোট) | ৬০ |
| অন্যান্য দল ও স্বতন্ত্র | ০৭ |
| মোট ঘোষিত ফলাফল | ২২৩ / ২৯৯ |
মোট কেন্দ্র: ৪২,৭৭৯ টি
অংশগ্রহণকারী দল: ৫০টি
মোট প্রার্থী: ২,০২৯ জন
দলীয় প্রার্থী: ১,৭৫৫ জন
স্বতন্ত্র প্রার্থী: ২৭৪ জন
নারী প্রার্থী: ৮০ জন
নির্বাচনি প্রতীক বরাদ্দ: ১১৯টি
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে।
উল্লেখ্য, এটি বেসরকারিভাবে ঘোষিত ফলাফল। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলের দিকে এখন সবার নজর।