ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি আমবাগানের ৯টি ফলদ আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের নেউটা গ্রামে গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক মো. মোয়াজ্জেম হোসেন ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, নেউটা গ্রামে মোয়াজ্জেম হোসেনের মালিকানাধীন আমবাগানের ৯টি বড় আমগাছ কেট ফেলে রাখা হয়েছে। শুধু গাছই নয়, বাগানের নিরাপত্তায় থাকা তারের বেড়া এবং সিমেন্টের খুঁটিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মার্চ অভিযুক্ত ব্যক্তিদের অশোভন আচরণ ও সামাজিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ড নিয়ে গ্রামে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকের জেরে ক্ষিপ্ত হয়ে একই রাতে পরিকল্পিতভাবে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়।বাগান মালিক মোয়াজ্জেম হোসেন বলেন, "আমি কোনো ঝগড়া-বিবাদে জড়াতে চাই না। গাছগুলো তিলে তিলে বড় করেছিলাম। যেভাবে আমার বাগান তছনছ করা হয়েছে এবং আমাকে হুমকি দেওয়া হচ্ছে, তাতে আমি সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ন্যায়বিচারের আশায় গ্রাম আদালতের শরণাপন্ন হয়েছি।"
এ বিষয়ে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. উজ্জ্বল হোসেন জানান, ভুক্তভোগীকে ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।