উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল থেকে:
নড়াইলের কালিয়া উপজেলায় র্যাব-৬-এর অভিযানে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক খবির মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্যাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় আটক খবির মোল্যার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “র্যাবের অভিযানে অস্ত্রসহ একজনকে আটকের ঘটনা শুনেছি। তবে এখনো থানায় আসামি হস্তান্তর করা হয়নি। আসামিকে থানায় হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”