
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের সালাম রোডে উচ্ছেদ হওয়া ভাসমান হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দুরবস্থা দেখার যেন কেউ নেই। গত ২১ জুলাই নবীনগর সদরের যানজট নিরসন এবং অবৈধভাবে ফুটপাত দখলকারীদের উচ্ছেদের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাকিবুল ইসলাম অভিযান পরিচালনা করেন। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করায় দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা শতাধিক হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী চরম সংকটে পড়েছেন।
ভুক্তভোগীদের দাবি, অন্য কোনো কাজ না জানায় বর্তমানে তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনেকেই না খেয়ে থাকার মতো পরিস্থিতিতে রয়েছেন।
এদিকে, যানজট নিরসনের জন্য উচ্ছেদ করা ফুটপাতের জায়গায় অস্থায়ী অটোরিকশা স্টেশন গড়ে তোলার অভিযোগও করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রোববার (২ আগস্ট) সকালে অসহায় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপজেলা সদরের জমিদার মনোমোহন রায়ের ভবনে অবস্থিত নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন আহমেদের কাছে পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি ও আর্জি জানান। তারা অনুরোধ করেন, বিষয়টি যেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানের কাছে তুলে ধরা হয়।
এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে মো. তারা মিয়ার সভাপতিত্বে এবং মো. ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হকার মাওলানা সফিকুল ইসলাম, ক্ষুদ্র ব্যবসায়ী মো. আয়ুব মিয়া, প্রবীর ভৌমিক, মো. লিমনসহ অন্যান্যরা।
হকার মাওলানা সফিকুল ইসলাম বলেন,
“আমার এখন না খাইয়া মরার অবস্থা। ৩০-৩৫ বছর ধইরা ব্যবসা কইরা আইতাছি। এখন যদি অন্য কোনো কাম করতে না পারি, তাইলে ক্যামনে চলমু? আপনারা আমাগো বাঁচান।”
ক্ষুদ্র ব্যবসায়ী মো. আয়ুব মিয়া বলেন,
“আমরা এখন কী করমু? অন্য কোনো কাজও জানি না। ছোটবেলা থেইকা ফুটপাতে ব্যবসা করি। চেয়ারম্যান সাবের কাছে আকুল আবেদন, এমপি সাব যেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন।”
ক্ষুদ্র ব্যবসায়ী প্রবীর ভৌমিক বলেন,
“আমাদের যদি অন্য কোনো জায়গায় ব্যবসা করার সুযোগ দিত, তাহলেও ভালো থাকতাম। একেবারে উঠায় দিছে। আগে বাজারে অনেক জায়গা খালি ছিল, এখন সব লিজ দিয়ে দোকানপাট করা হয়েছে। আমরা এখন যামু কই?”
মো. লিমন বলেন,
“আমার বাবা মারা গেছেন। লেখাপড়া বাদ দিয়ে পরিবারের জন্য বাবার ব্যবসাটাই করতাম। এখন উচ্ছেদ করার কারণে কোনো আয়-রোজগার নেই। আমরা দিন আনি দিন খাই। এখন কী করব? এমপি সাব আমাদের বাঁচান।”
নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন আহমেদ বলেন,
“আমি নিজেও দেখেছি, নবীনগর বাজারে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। কয়েকদিন আগে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এতে তারা এখন চরম মানবিক সংকটে পড়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন,
“তারা আমার কাছে এসেছেন যেন আমি নবীনগরের মাননীয় এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের কাছে তাদের পুনর্বাসনের বিষয়টি তুলে ধরি। আমি অবশ্যই তাদের আবেদন পৌঁছে দেব এবং অন্যত্র ব্যবসার সুযোগ বা পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাব। আশা করি, মাননীয় এমপি গরিব হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবেন।”
তিনি অভিযোগ করে বলেন,
“নবীনগর বাজারে বারবার হকারদের উচ্ছেদ করা হলেও পরে সেই জায়গায় বিভিন্ন মার্কেট বা দোকানপাট গড়ে ওঠে। কিন্তু সাধারণ হকারদের পুনর্বাসনের বিষয়ে কেউ চিন্তা করে না। আমি ইনশাআল্লাহ তাদের কষ্টের কথা এমপি মহোদয়ের কাছে তুলে ধরব এবং একটি স্থায়ী সমাধানের চেষ্টা করব।”