
মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর (ইটাখোলা) কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জাপান সরকারের স্বাস্থ্য উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে কর্মকর্তারা কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্লিনিকটির ভূমিকা নিয়েও সংশ্লিষ্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে জাপানি টিমটি কমিউনিটি ক্লিনিকে উপস্থিত হলে ক্লিনিকের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়ে তাদের বরণ করে নেন উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মরহুম সালাহউদ্দিন গাজী জিনু চেয়ারম্যানের বড় ছেলে জহিরুল ইসলাম গাজী নিপু, মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিকের পরিচালনা কমিটির সভাপতি ও পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদ (মেম্বার)।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ কারী সাদেক মিয়া, ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও স্থানীয় জনসাধারণ।
এ ব্যাপারে এরশাদ মেম্বার বলেন, ‘মুনসেফেরচর (ইটাখোলা) কমিউনিটি ক্লিনিক থেকে সর্বস্তরের জনসাধারণ যাতে আরও উন্নত সেবা নিতে পারে, সেই চেষ্টা আমার পক্ষ থেকে সবসময় থাকবে, ইনশাআল্লাহ।’