বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের প্রচেষ্টায় নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজের জন্য মোট ৭৩ লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাগেশ্বরী উপজেলার আসার নগর আছমত সরকার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০ লাখ টাকা এবং হাসনাবাদ জনতা বিদ্যা বিতান উচ্চ বিদ্যালয়ের জন্য ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট উচ্চ বিদ্যালয়ের জন্য ২২ লাখ টাকা এবং কাশিম বাজার উচ্চ বিদ্যালয়ের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
নাগেশ্বরী উপজেলায় সংসদ সদস্যের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে বরাদ্দপত্র তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, নাগেশ্বরী পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অন্যদিকে বুধবার দুপুর ২টায় ভূরুঙ্গামারী উপজেলা পরিদর্শন কক্ষে বিদ্যালয় দুটির প্রতিনিধিদের কাছে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। এ সময় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মো. আজিজুর রহমান সরকার স্বপন। আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক মো. আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফেরদৌস হোসেন।
এ ছাড়া কাশিম বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদ-ই-মুর্তজা রেজু, সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, বরাদ্দের অর্থ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মেরামত ও সংস্কারকাজ দূর্নীতি মুক্তভাবে সম্পন্ন হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে।