
মোঃ মাইদুল ইসলাম
জেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া মিয়া পাড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে নারী সদস্য রয়েছেন। আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
জানা গেছে, আব্দুর রহমানের ছেলে আশরাফুল ইসলামের সঙ্গে একই এলাকার জাহেরুল ইসলাম ও তার লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ২৪ মার্চ সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র—দা, ছোড়া, লোহার রড, কুড়াল, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে আশরাফুল ইসলামের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
এ হামলায় আশরাফুল ইসলামসহ পরিবারের সদস্য আসাদুজ্জামান, আব্দুর রহমান, খবির উদ্দিন, ফরিদুল ইসলাম, রেবা বেগম, শাহিনুর বেগম ও আদরী বেগম গুরুতর আহত হন। এছাড়া হামলার সময় নারী সদস্যদের ওপর আক্রমণ এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার জাহেরুল ইসলাম, সোহাইবুর রহমান, আমিনুল ইসলাম, এমদাদুল হকসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই আসামিরা তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, বাড়িতে প্রবেশে বাধা দিচ্ছে এবং প্রাণনাশের আশঙ্কা তৈরি করেছে।
আব্দুর রহমানের ছেলে আসাদুজ্জামান জানান তার দাদা খাতির মামুদ জীবিত অবস্থায় তার ৭ ছেলে ও এক মেয়ের মধ্যে মাত্র ৩ ছেলেকে ৭৫ শতক করে মোট ২২৫ শতক লিখে দেয়। খাতির মামুদ মারা যাওয়ার পর তাদের অংশীদারের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা উক্ত জমি বিরোধটি উলিপুর সাব রেজিস্ট্রার অফিস এ ০১/০৮/১৯৯৩ এর ৮২৩৮ নম্বর বন্টন নামা দলিল করে সকলকে সমান অংশে ভাগ করে দেয়। সে সময় জাহেরুল নাবালক থাকায় তার পক্ষে তার মা জহুরা অভিভাবক হিসেবে স্বাক্ষর করেন। সে সময় দাদী জহুরাও তার অংশের জমি পান। এভাবেই চলতে ছিল কিন্তু জাহেরুল ইসলাম এর অংশের কিছু জমি তার ভাই অর্থাৎ খবির চাচার কাছে বিক্রি করে দেয়। ৩২ বছর পর ৫-৬ মাস থেকে বিবাদ সৃষ্টি করেছে এবং ৭৫ শতক জমি সম্পূর্ণ ফেরত চায়। এ নিয়ে আমাদের উপর হামলা করেছে। আমাদের প্রায় মেরেই ফেলছিলো। আমরা সঠিক বিচার চাই।
জাহেরুল ইসলামকে তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে তার স্ত্রী রিসিভ করে এবং জানান তার স্বামী নাবালক থাকাবস্থায় তার শশুর তার স্বামীর নামে ৭৫ শতক জমি লিখে দেয়। এ বিষয়ে অনেক শালিশ বৈঠক হয়। কিন্তু উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয়ের ক্ষতি হয়েছে। তিনি জানান জমি ওরাই খাচ্ছে কিন্তু আমরা গারিয়া জমি দখল করছি। বর্তমান তাদের দাবি বিবাদীপক্ষ যতটুকু জমি দিয়ে খুশি হবে ততটুকু নিবো।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইবনে আবু সাঈদ জানান, ঘটনাটার খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। মামলা রেকর্ড হয়েছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 



















