হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে মৌলভীবাজার জেলার কৃতি শিক্ষাবিদ, মৌলভীবাজার মডেল স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গত ২৯ জুলাই ২০২৬ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে নিউইয়র্কের ব্রঙ্কসে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুর রহিম খান ছিলেন শিক্ষা অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তিনি ১৯৯৪ সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষা ও শিক্ষক সমাজের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী পরিচিত মুখ ও সামাজিক ব্যক্তিত্ব জুবায়ের খান জুয়েলের পিতা।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড-এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান, সাংবাদিক ও লেখক মকিস মনসুর।
এক শোকবার্তায় তিনি বলেন, “আব্দুর রহিম খান ছিলেন একজন ন্যায়পরায়ণ, সৎ, সদালাপী ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব। শিক্ষা ও সমাজের কল্যাণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ জন্য দেশে-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া কামনা করেন।