
নিউইয়র্কের ব্যস্ত জীবনযাত্রার মাঝেও বিশ্বকাপ ফুটবলের ইতিহাস যেন কিছু সময়ের জন্য থমকে দাঁড়ায় রকফেলার সেন্টারের ফিফা মিউজিয়ামে। বিশ্বকাপ উপলক্ষ্যে নির্মিত এই বিশেষ মিউজিয়ামে ১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সব বিশ্বকাপের স্মৃতি এক ছাদের নিচে সংরক্ষিত রয়েছে।
ফিফার স্পন্সর হুন্দাইয়ের উদ্যোগে গড়ে ওঠা এই মিউজিয়ামে বিশ্বকাপের প্রতিটি আসরের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ট্রফি, জার্সি, বল এবং নানা স্মারক প্রদর্শিত হচ্ছে। এখানে ২০২২ বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের জার্সিও আলাদাভাবে সাজানো রয়েছে। দর্শনার্থীরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন।
জাদুঘরে প্রবেশের আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়, তবে এর জন্য কোনো ফি লাগছে না। প্রবেশপথ থেকে শুরু করে লিফট পর্যন্ত সর্বত্র বিশ্বকাপ ইতিহাসের নানা দৃশ্য ও ফুটবলারদের ছবি দর্শনার্থীদের স্বাগত জানায়।
প্রদর্শনীতে ১৯৩০ সালের উরুগুয়ে বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত প্রতিটি আসরের ফাইনাল ম্যাচের ফলাফল, সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়দের তথ্য সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি সংরক্ষিত আছে বিভিন্ন ঐতিহাসিক স্মারক—২০১০ বিশ্বকাপের ম্যাচ বল, ১৯৭৮ সালের আর্জেন্টিনার কোচ সিজার লুইস মেনোত্তির টি-শার্ট এবং ২০০২ সালে চ্যাম্পিয়ন ব্রাজিল দলের স্বাক্ষর করা জার্সি।
এছাড়া প্রদর্শনীতে রাখা হয়েছে জুলেরিমে ট্রফি, যা বিশ্বকাপ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে পেলে, ম্যারাডোনা ও মেসির অসাধারণ মুহূর্তগুলোও বারবার দেখানো হচ্ছে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করছে।
ফুটবলপ্রেমীদের ভিড়ে সরগরম এই মিউজিয়াম। ইকুয়েডর থেকে আসা এক দম্পতি জানান, “বর্তমানের সঙ্গে অতীত জানার সুযোগ করে দিয়েছে এই মিউজিয়াম, যা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।”